বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, কক্সবাজারকে কেন্দ্র করে দেশে স্পোর্টস ট্যুরিজম বিকাশে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কক্সবাজার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে পরিচিতি পাবে।
শুক্রবার ৩রা এপ্রিল সকাল ১১টায় লাবণী পয়েন্ট-এ আয়োজিত ‘কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৭০ জন সার্ফার অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই তরুণ সার্ফাররা ভবিষ্যতে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী সার্ফিংয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং সেখানে অবকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় স্টেডিয়ামের সার্বিক উন্নয়ন, সংস্কার এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য আরও উপযোগী হয়ে উঠবে।
প্রতিমন্ত্রী আরও জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে নতুন ক্রীড়া কার্যক্রম শুরু করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করার উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, কক্সবাজারের সমুদ্রকে ঘিরে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হতে পারে। এ অঞ্চলের সার্ফাররা ভবিষ্যতে দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদসয় লুৎফুর রহমান কাজল, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, সার্ফিং ক্লাব কর্মকর্তা সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।